আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপির অফিসে আগুন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা দক্ষিণ জেলা কার্যালয় এবং নগরীর মুন্সেফবাড়ি এলাকায় সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের নিজস্ব ভবনের নিচতলার ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পৃথক দুটি স্থানে বিক্ষোভ মিছিল থেকে আগুন দেওয়া হয়।

অগ্নিসংযোগের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল যুবক বিক্ষোভ মিছিল নিয়ে দলটির দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান।

সেখানে গোপালগঞ্জে থানায় হামলা ও বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কার্যালয়ের সামনে আগুন জ্বালানো হয়। অন্য একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিছিল নিয়ে মুন্সেফবাড়ি এলাকায় সদর আসনের সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে যান। সেখানেও একই ঘটনার প্রতিবাদে স্লোগান দেওয়া হয়।

পরে বাড়ির নিচতলায় থাকা বাহারের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ সময় আওয়ামী লীগবিরোধী স্লোগানও দিতে শোনা যায়। কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি।

কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন। বাড়িতে কেউ থাকেন না, অফিসেও কেউ ছিলেন না।