ভাণ্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিসংযোগ
হেলপার নিহত
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের এক সহকারী (হেলপার) নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সিয়াম (২৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকপুর এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান। তিনি জানান, গতকাল বুধবার ভোরে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল বাস মালিক সমিতির 'বাহক' ও ঝালকাঠি বাস মালিক সমিতির 'লিসা' নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাহক বাসটিতে ঘুমিয়ে ছিলেন সিয়াম। ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পর সিয়ামের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে কারা বাস দুটিতে আগুন দিয়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ওসি জগলুল হাসান।
