ফরিদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার সাচিয়া বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নামে রেকর্ডভুক্ত সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নির্মাণকাজ বন্ধ করে নির্মাণাধীন দোকানের স্থাপনা ভেঙে দেওয়া হয়।
এ সময় নির্মাণকাজে নিয়োজিত তিন কাঠমিস্ত্রীকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়। এর আগে উপজেলার কৃষি কলেজ (সাচিয়া) বাজারে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন সরকারি জমি দখল করে সাতটি দোকানঘর নির্মাণের উদ্যোগ নেন কয়েকজন ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের গুরুত্বপূর্ণ ওই সরকারি জায়গা একসময় প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে আবারও জায়গাটি দখল করে দোকানঘর নির্মাণের চেষ্টা শুরু হয়। গত কয়েক দিন ধরে ছয় ব্যক্তি সেখানে সাতটি দোকানঘর নির্মাণের উদ্যোগ নেন বলে স্থানীয়দের অভিযোগ।
বিষয়টি প্রশাসনের নজরে এলে গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট তহশিলদারকে পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু প্রশাসনের নির্দেশনা অমান্য করে গতকাল বুধবার সকাল থেকে পুনরায় দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরে সরকারি জমি রক্ষায় প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাজারের অন্যান্য সরকারি জমিও দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি জোরদার করা প্রয়োজন।
