নবীনগরে অপরিকল্পিত সেতু ও খাল নির্মাণ

অস্তিত্ব সংকটে নদী-খাল

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরকে মেঘনা, তিতাস, বুড়ি, পাগলা ও আউলিয়াজুরীসহ আরও কিছু ছোট নদী ও উপ-নদী জালের মত জড়িয়ে রেখেছে। যা এ এলাকার প্রধান নদী, উপ-নদী। এক সময় নবীনগরে নৌ-পথই ছিল প্রধান যোগাযোগ মাধ্যম। সময়ের সঙ্গে সড়ক যোগাযোগ উন্নত হওয়ার কারণে এখন নৌ-পথ নেই বলেই চলে। নবীনগরে অনেক গুলো ছোট-বড় খাল ও প্রাকৃতিক জলাশয় যমুনার খাল, কুরানিয়ার খাল রয়েছে। জেলা প্রশাসনের তালিকায় চিহ্নিত করা মোট ৪০০টি খালের একটি বিশাল অংশ নবীনগরে আছে। যদিও নবীনগরে সরকারিভাবে আলাদা করে খাল, বিল, নদ কিংবা নদীর মোট সংখ্যার তালিকা নেই।

এক সময় নবীনগরে মোট নৌপথের দৈর্ঘ্য প্রায় ১৩৮.৯ কিলোমিটার তবে বর্তমানে নৌপথের বিস্তৃতির এই দৈর্ঘ কাগজে কলমে সীমাবদ্ধ। নবীনগরের এই নদ-নদী ও খাল গুলো এক সময় পানি নিষ্কাশন ও প্রাকৃতিক মাছের অভয়ারন্য ছিল। অপরিকল্পিত সেতু ও কালভার্ট নির্মাণের কারনে যা দিন দিন ভরাট হচ্ছে ও মরে যাচ্ছে।

নবীনগর পশ্চিম ইউনিয়নের বৌধূন্তি নদী, পৌরসভার আলমনগরের ভাটা নদী, মাঝিকাড়া ও আলিয়াবাদ খাল, ইব্রাহিমপুরের ইউনিয়নের পেরা খাল, যোগীদারা খাল, গোপালপুরের পশ্চিম-দক্ষিণের যমুনা খাল, মানিক নগর বাজার দিয়ে শ্যামগ্রাম খাল, রতনপুর খাল, শাহপুর খাল, বাঙ্গরা বাজার থেকে সাতমোড়া পর্যন্ত অধের নদী, কাইতলা খাল, মেরকোটা খালসহ অর্ধশতাধিক খাল ও ছোট নদীর উপরে সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র ব্রিজ-কালভার্ট নির্মাণের কারনে পানির স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে পলিও ময়লা পড়ে নাব্যতা সৃষ্টি হচ্ছে, এখন এই খাল ও নদীগুলোতে সারা বছর পানি থাকে না, এমনকি বর্ষা কালেও নৌকা চলাচলে বিঘ্ন ঘটে।

সূক্ষ্মভাবে দেখলে মনে হয়- সেতু ও কালভার্ট গুলো নদী ও খাল গুলোর পানির প্রবাহকে যেন গলা চেপে ধরেছে। সেুতগুলো তৈরি হয়েছে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষা নিয়মনীতি না মেনে। সেতুর চেয়ে কালভার্ট আরও বেশি ক্ষতিকর। নবীনগর উপজেলার চারদিকের বৃত্তাকার নৌপথ এখন প্রায় বিলুপ্ত। সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল বলেন- কালীগঞ্জ থেকে শুরু হয়ে বাঙ্গরা বাজার হয়ে মেঘনা নদী পর্যন্ত অধের খাল ২০২৪ সালে নদী হিসেবে স্বীকৃতি পেয়েছে, অথচ টানচরা ও রাজাবাড়ী বরাবর অধের খালে সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে কালভার্ট নির্মাণ করা হয়েছে, এতে করে নৌকা চলাচলে বিঘ্ন ঘটছে ও নাব্যতা সংকট দেখা যাচ্ছে, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের ভূমিকা রাখা প্রয়োজন।