ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদার
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নিমতলা যাত্রী ছাউনি এলাকায় বিশেষ নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম চালাচ্ছে হাইওয়ে পুলিশ। এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি ও চালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহনের চলাচল তুলনামূলক কম রয়েছে। তবে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বৈরী আবহাওয়ার কারণে এক্সপ্রেসওয়েতে যান চলাচল কম রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পুলিশ মাঠে কাজ করছে। আমাদের টহল টিম ও চেকপোস্ট রয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
