ভেদরগঞ্জে বিনামূল্যে সার-বীজ পেলেন ১৩ হাজার কৃষক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শরীয়তপুরের ভেদরগঞ্জে ১৩ হাজার ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম। উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) রফিকুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ১২ হাজার ৭৯৫ জন কৃষককে এক কেজি করে সরিষার বীজ ও ১৫ কেজি করে সার দেওয়া হয়েছে। এছাড়া ১১০ জন কৃষককে পাঁচ কেজি করে মসুরের বীজ ও ১৫ কেজি সার, ১২০ জনকে আট কেজি করে খেসারির বীজ ও ১৫ কেজি সার এবং ৩০ জন কৃষককে আট কেজি করে বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়। বক্তারা বলেন, সরকার প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষি উন্নয়ন ও অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং উৎপাদন বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। যাতে করে কৃষক আধুনিক চাষাবাদের মধ্যদিয়ে সর্বোচ্চ ফলন পেয়ে লাভবান হতে পারেন।