আ. লীগের সহিংসতা ও নাশকতার জবাব দিতে সরকার ও জনগণ প্রস্তুত

বললেন এমরান সালেহ প্রিন্স

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার জবাব দিতে সরকার ও জনগণ প্রস্তুত। প্রয়োজনে তাদের ভাষা তাদেরই বুঝিয়ে দেওয়া হবে— তবে আইন ও গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই। তারা যদি মনে করে, সন্ত্রাস ও নাশকতা চালিয়ে জনগণকে জিম্মি করবে, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে, তাহলে তারা ভুল করছে।

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে গতকাল বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট নতুন বাজারে বিএনপি কার্যালয়েথ সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশের পর এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি মোটর সাইকেল মিছিল হালুয়াঘাট পৌর শহর, সদর ইউনিয়নের শাপলা বাজার, কদমতলী বাজারসহ সীমান্ত সংলগ্ন এলাকা, গাঙীনা, দর্শা, ইটাখোলা, নগুয়া, ধারা বাজার, নাগলা বাজার, সরচাপুরসহ ৩৫ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, হুমায়ুন কবির, মনিরুজ্জামান স্বাধীন, যুবদল নেতা তারিকুল ইসলাম চঞ্চল, আসাদুজ্জামান আসিফ, আবদুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, পৌর আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরিফিন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, জাসাস সভাপতি রাশেদ আমিন, তাঁতী দল নেতা আকিকূল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।