সাতক্ষীরায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় বাক্ ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ইব্রাহিম গাজী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের শহর আলীর ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নির্যাতিত কিশোরী জন্ম থেকেই বাক্ ও শারীরিক প্রতিবন্ধী। মায়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় জন্মের পর থেকেই সে নানির কাছে থাকত। গত বছরের ১২ মার্চ সকাল ১০টার দিকে বাড়ির পাশে একটি ঝোপে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন ইব্রাহিম। কিশোরীর গোঙানির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আকবর আলী জানান, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ইব্রাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।