প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন চান

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীর সুবিধাবঞ্চিত ও গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান যে ৩টি ঘর উপহার দিয়েছেন, তার সঙ্গে আমি আমার নিজস্ব অর্থায়ন থেকে আরও ১টি ঘর যুক্ত করে এলাকাবাসীর জন্য মোট ৪টি ঘর উপহার দিলাম। আমার এই ক্ষুদ্র প্রয়াসটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে নিবেদন করছি। গতকাল শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মনাই ত্রিপুরা পল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহহীন পরিবারগুলোর হাতে ঘরের চাবি তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এসব কথা বলেন।

এই সময় তিনি আরও বলেন, আমাদের সকল সংসদ সদস্যের লক্ষ্য একটাই— সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং নিজ নিজ এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদসহ প্রয়োজনীয় অবকাঠামোগুলোর সংস্কার ও উন্নয়ন নিশ্চিত করা। আপনাদের এলাকার একজন সেবক হিসেবে আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চান বাংলাদেশের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন। তার এই মহৎ সদিচ্ছা বাস্তবায়নে প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং সমাজের বিত্তবানসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।

ঘর বিতরণ অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, হাটহাজারী উপজেলা সহ:কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:জাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো: মোরশেদ, ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো: শফিউল আজমসহ উপজেলার পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।