
টাঙ্গাইলে অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসি আকরাম ফাউন্ডেশন। তাদের উদ্যোগে এপর্যন্ত ৩০টি ব্রিজ, চার শতাধিক টিউবওয়েল ও ৩৫টি টিনের ঘর তৈরি করে দিয়েছেন হতদরিদ্রদের মাঝে। এসব কাজে ইউনিয়নবাসীও কৃতজ্ঞতা প্রকাশ করছে ফাউন্ডেশনের প্রতি। তাদের এ উদ্যোগ বদলে দিয়েছে ইউনিয়নের অসহায় মানুষের জীবনমান।
জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলা থেকে ১৭ কিলোমিটার পশ্চিমে যমুনা নদীর তীর ঘেষে অবস্থান অবহেলিত হুগড়া ইউনিয়নের। প্রায় ৪০ বর্গকিলোমিটার আয়তনের এ ইউনিয়নে প্রায় ৭০ হাজার জনসাধারণের বসবাস। অবহেলিত এ ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে ২০২২ সালে গড়ে উঠে একটি সেবামুলক প্রতিষ্ঠান এসি আকরাম ফাউন্ডেশন। এসি আকরাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক পুলিশ অফিসার এসি আকরামের বড় ছেলে নূর-এ আলম তুহিন। যিনি গোটা ইউনিয়নে প্রায় চার শতাধিক টিউবওয়েল বসিয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছেন। এর মধ্যে ভাঙ্গাবাড়ী গ্রামের শহীদ, মিস্টার, সাহেব আলী, হযরত এবং ফুলে, কাশিনগর গ্রামের আব্দুল বারেক, আব্দুল্লাহ এবং বাদশা। হুগড়া গ্রামের চায়না, লতিফের নাম উল্লেখযোগ্য। এছাড়াও অসহায় দরিদ্রদের জন্য ৯টি ওয়ার্ডে বাসস্থানের জন্য প্রায় ৩৫টি টিনের ঘর তৈরি করে দিয়েছেন। ঘর পেয়ে খুশি চর হুগড়ার কাজী বাজারের জাহাঙ্গীর, হক সাব, বাসুদিয়া গ্রামের আননেছ ফকির, মোহাম্মদ আলী, বেগুনটাল গ্রামের মোতালেব, পাখির উদ্দিন, হুগড়া গ্রামের এমদাদুল, চিনাখালী গ্রামের আম্বিয়া এবং কৃষ্টনগর গ্রামের মোহাম্মদ আলীসহ আরো অনেকেই। এ ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে চলছে খরস্রোতা ধলেশ্বরী নদী। নদীতে ব্রিজ না থাকায় বর্ষা মৌসুমে এ জনপদের মানুষের পারাপারের একমাত্র অবলম্বন খেয়া (নৌকা)। এ অঞ্চলের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নদী পারাপারের জন্য তৈরি করে দিয়েছেন একটি বড় আকৃতির খেয়া নৌকা।
স্থানীয়রা জানান, অবহেলিত চরাঞ্চলের উন্নয়নে এসি আকরাম ফাউন্ডেশনের ভূমিকা খুবই ইতিবাচক। এই অঞ্চলের মানুষ যমুনা ও ধলেশ্বরী নদীর করাল গ্রাসে প্রতিবছরই ফসলি জমি ও ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়ে। আর এসব অসহায় পরিবারকে ঘুরে দাঁড়ানোর সহায়ক ভূমিকা নিয়েছে এ ফাউন্ডেশন। ঘর পেয়ে আম্বিয়া জানান তার কোন মাথা গোঁজার ঠাঁই ছিল না। তিনি ঘর পেয়ে এসি আকরাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি ফাউন্ডেশনের সভাপতি নূর-এ আলম তুহিনের প্রতি দুহাত তুলে দোয়া করেন। হুগড়া গ্রামের ওমর আলী জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব উন্নয়ন করার কথা থাকলেও প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল। তাই এ ফাউন্ডেশন এর উদ্যোগে তারা নিজস্ব অর্থায়নে অবহেলিত এ জনপদের উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছেন।
এ ফাউন্ডেশন নিজস্ব অর্থ ব্যাগে আমাদের বাড়ির সামনে একটি কাঠের ব্রিজ তৈরি করে দিয়েছেন। এ ব্রিজ দুই পাড়ের মানুষের হৃদয়ের মাঝে এক অবিচ্ছেদ্য বন্ধন তৈরি করে দিয়েছে। হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েল জানান, ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইউনিয়নের ১২টি প্রাইমারি স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। এতে প্রতিবছর মোট ১৮০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে থাকে।
তিনি মনে করেন, এ উদ্যোগে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে এবং ইতিবাচক প্রভাব ফেলবে। শৈশবের যেকোনো পুরস্কারই ইতিবাচক প্রভাব ফেলে। ১০নং হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোরশেদ আলম দুলাল জানান, চরাঞ্চলে বিদ্যুৎ না থাকায় একসময় অন্ধকার ছিল। ওই সময় এসি আকরাম বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন।
তিনি মৃত্যু বরণ করলেও বেঁচে আছেন এ ফাউন্ডেশন এর মাঝে। তার মৃত্যুর পর তার নামেই ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে। সেই ফাউন্ডেশন আজ তার অসমাপ্ত সেবামূলক কাজ করে যাচ্ছে।
নূর-এ আলম তুহিন বলেন টাঙ্গাইল সদর উপজেলা থেকে পশ্চিমে ধলেশ্বরী এবং যমুনা দুটি নদীর বেষ্টিত হুগড়া ইউনিয়ন। এ ইউনিয়নে ছাত্র জীবন থেকেই বাবার হাত ধরেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছি। সেই উদ্যোগ থেকেই ধীরে ধীরে সেবার কার্যক্রম বড় হয়ে যায়। এদিকে ২০২১ সালে বাবা মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে আমার বাবা অসহায়দের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন।
এ কারণে ২০২২ সালে একটি ফাউন্ডেশন গড়ে তুলি। আর এ ফাউন্ডেশন এর মাধ্যমে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছি। টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার শাহীন মিয়া জানান, পশ্চিম টাঙ্গাইলের চরাঞ্চলে মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে এসি আকরাম ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। তাই এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি আরও জানান, সরকারি সংস্থার পাশাপাশি এ ধরনের বেসরকারি সংস্থাগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছানো সহজ হয়। তাই আশা রাখি এসি আকরাম ফাউন্ডেশনটি সরকারি কাঠামোর সঙ্গে যুক্ত থাকায় হুগড়া ইউনিয়নে দীর্ঘমেয়াদি এবং টেকসই সুফল বয়ে আনবে।