বগুড়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ধূমপানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি করাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম গালিব (১৫) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর খান্দার এলাকার পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। এ সময় সে ধূমপান করছিল। স্থানীয় মিশু (২১) নামের এক যুবক গালিবের ধূমপানের দৃশ্য ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ৫০০ টাকা দাবি করে মিশু। এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২১) বাগ্?বিতণ্ডা হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু গালিবের বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, এ ঘটনায় জড়িত মিশু, বাবু ও জিসান নামের তিনজনকে শনাক্ত করা হয়েছে।

তাদের গ্রেফতারে গত বৃহস্পতিবার রাতেই অভিযান চালানো হয়েছে। নিহত গালিবের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।