ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

এনসিপি নেতার বাড়ির গেটে অগ্নিসংযোগ

এনসিপি নেতার বাড়ির গেটে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া গ্রামে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের বাড়ির গেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে।

বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে ওই নেতার বাড়ির বাউন্ডারি গেটে আসে এবং তারা ওই গেটে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করলেও তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন।

এ ঘটনায় ক্ষয়ক্ষতি না হলেও পুরো এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার পর মাহিন সরকার তার ফেসবুক পোস্ট করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে আমার বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে আমার বাসায় পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে শুধু আমার মুমূর্ষু বাবা এবং মা অসহায় অবস্থায় থাকেন। আমি শুধু ন্যায়বিচার প্রত্যাশা করি। এদিকে এরমধ্যেই এ ঘটনায় বিশেষ তদন্ত শুরু করা হয়েছে বলে ওসি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত