খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার কক্ষ থেকে ৮ লক্ষাধিক টাকা উদ্ধার ও বিভিন্ন প্রকল্পের তথ্য সংগ্রহে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বৃহস্পতিবার দুপুরে দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সারোয়ার হোসেনের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দুর্নীতি ও অসদাচরণের দায়ে অপসারিত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার গোপন কক্ষ থেকে ২০২৫ সালের ৯ জুলাই উদ্ধার হওয়া ৮ লাখ ৮২ হাজার টাকা উদ্ধারের ঘটনার নথিপত্র সংগ্রহ করতে চাইলে চেয়ারম্যান ও জনসংযোগ কর্মকর্তা না থাকায় পরবর্তী প্রদান করার হবে বলে জানান পরিষদের নির্বাহী কর্মকর্তা। এছাড়াও, কয়েকটি প্রকল্পের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তথ্য সংগ্রহ করা হয়।
দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সারোয়ার হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে তথ্যসংগ্রহ করা হয়েছে। তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন।
