
পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের পাঁচটি প্রতিষ্ঠানকে ১২ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সোনারগাঁয়ের মেঘনাঘাটে অবস্থিত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড (ইউনিট-১), ৯ লাখ ২১ হাজার টাকা, রূপগঞ্জের তারাবোর জিয়ুজু ইন্ডাস্ট্রি লিমিটেড (ইউনিট-৩), ১ লাখ ৬০ হাজার ৭১০ টাকা, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ইয়েস্টার এক্সেসরিজ কোম্পানি (বিডি) লিমিটেড, ৯২ হাজার ১২০ টাকা, বন্দরের মদনপুরের রহমান স্পোর্টস ওয়্যার লিমিটেডকে ২৮ হাজার ৮০০ টাকা এবং ফতুল্লার পঞ্চবটির মুন ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে বলে বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে। তবে এর একদিন আগে বুধবার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ ক্ষতিপূরণ ধার্য করে।