
গাইবান্ধার সুন্দরগঞ্জে আইনুন নাহার আঁখি ও তার শিশুপুত্র আহনাফ আদিল হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। আঁখির সতীন শাহিনা বেগমের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার পরিকল্পনা ও ঘটনার বিবরণ উঠে এসেছে। এ ঘটনায় আনন্দ বাবু বাদল (২৪) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আব্দুর রাজ্জাকের সঙ্গে বিয়ের পর শাহিনা জানতে পারেন, তার স্বামীর আগে আরেকটি সংসার রয়েছে। একপর্যায়ে আব্দুর রাজ্জাকের পরিচিত বাদলের সঙ্গে শাহিনার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি আঁখি জানতে পেরে প্রতিবাদ করলে বাদলের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঘটনার দিন দুপুরে বাড়ির অন্য সদস্যরা ঘুমিয়ে পড়লে বাদল আঁখির নাক-মুখ চেপে ধরে ওড়না দিয়ে শ্বাসরোধ করেন। এ সময় শিশু আহনাফ জেগে উঠলে তাকে বাথরুমে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করা হয়। পরে বাদল ও শাহিনা মিলে আঁখিকে হত্যা করেন বলে পুলিশের দাবি। হত্যাকাণ্ডের পর বাদল বাড়ির পেছনের টিনের বেড়ার ফাঁক দিয়ে পালিয়ে যান। পরে আঁখির মেয়ে রিজিয়ানা বাড়িতে ফিরে তার ভাইকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন।
পুলিশ জানায়, এ ঘটনায় শাহিনা বেগমকে গ্রেপ্তারের পর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু জানান, জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বাদলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।