রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে আম্বার কমপ্লেক্সে নামে একটি বোর্ড কারখানার শ্রমিকরা। প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলেও কারখানার সামনে অবস্থান করছেন তারা।
গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রুপসি- কাঞ্চন সড়কের হাটাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
এ সময় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। শ্রমিক ও স্থানীয় সুত্রে জানাযায়, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের অজুহাতে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এদিকে শ্রমিকদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধে একের পর এক তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন পরিশোধ করতে ব্যর্থ হয়। বকেয়া বেতন পরিশোধের দাবিতে শনিবার সকাল থেকেই উত্তপ্ত শ্রমিকরা সকাল ৯টার দিকে কারখানার সামনে রূপসী-কাঞ্চন সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়াহয়। এসময় শ্রমিকরা কারখানায় ইটপাটকেল ছুড়ে মারতে থাকে। বিক্ষোভ চলাকালে কারখানার জিএম ইরফান পাশা ও ইঞ্জিনিয়ার জুলফিকারের ওপর হামলার ঘটনা ঘটে।প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন প্রায় ৫ শতাধিক শ্রমিক। গত ২০ নভেম্বর বেতন পরিশোধের কথা থাকলেও তা দেয়নি কর্তৃপক্ষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ বিন শফিক।পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দুপুর ২টার দিকে ডিসেম্বরের মাসে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ উঠিয়ে নেয় । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী বলেন, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে প্রশাসনের লোকজনের কথা হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ বিন শফিক বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
