ফেনীতে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শাহজালাল ভূঞা, ফেনী

ফেনীতে আমন ধানের বাম্পার ফলন হলেও চিন্তিত কৃষকেরা। তাঁদের জীবনে নতুন ধান আনন্দের পরিবর্তে বিষাদ ডেকে এনেছে। এখনও ৮০ শতাংশ আমন ধান কৃষকের জমিতে, যার অধিকাংশই কাটার উপযোগী। জেলা জুড়ে কৃষকরা ধান ধাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই বৃষ্টির বাগড়া। তুলনামূলক নিচু জমিতে পানি জমাট ও যোগাযোগ ব্যবস্থা দুর্বল এমন জমির ধান কাটতে অনীহা প্রকাশ করছেন শ্রমিকরা । ফলে টানা তিনদিনের বৃষ্টি কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফেনীতে ৬৬ হাজার ৮৩৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তারমধ্যে হাইব্রিড ৭৬ হেক্টর, উফশী ৬৪ হাজার ৯৮৬ হেক্টর ও স্থানীয় জাতের ১ হাজার ৭৭৫ হেক্টর রয়েছে। বর্তমানে মাঠে ৫৭ শতাংশ ধান পেকে কাটার উপযোগী হয়েছে। এখন পর্যন্ত কর্তন করা হয়েছে ২০ শতাংশ। ফেনীতে গত তিন দিনে থেমে থেমে বৃষ্টিতে আমন ধান কাটা ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি গতকাল শনিবার বিকালপর্যন্ত অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে ধান কাটার কাজ। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। একই সঙ্গে সরিষাসহ বিভিন্ন রবিশস্যের বপনও পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বছরজুড়ে পরিচর্যা, সার-বীজ ও শ্রমিকের পেছনে বিনিয়োগ। এখন শুধু ফসল ঘরে তোলার অপেক্ষা। মাঠজুড়ে পেকে উঠেছে আমন ধান, কোথাও কোথাও শুরু হয়েছে কাটাও। পাশাপাশি শীতকালীন সবজির চারাগুলোও বেড়ে উঠছে। এমন সময়ে ঘূর্ণিঝড় 'আকভান'র প্রভাবে টানা বৃষ্টি কৃষকদের সেই স্বপ্নে অনিশ্চয়তা তৈরি করেছে। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পাকা ধানগাছ নুয়ে পড়ছে, নিচু জমিতে জমছে পানি। কোথাও কেটে জমিতে বিছিয়ে রাখা ধানও ভিজে যাচ্ছে। একই সঙ্গে জলাবদ্ধতায় ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে শীতকালীন সবজিতে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন ফেনীর কৃষকরা। গতকাল শনিবার জেলার বিভিন্ন স্থানে ফসলি জমির মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেনীর বিস্তীর্ণ মাঠে বেশিরভাগ আমন ধান পেকে কাটার উপযোগী হয়ে উঠেছে। কোথাও কোথাও ধান কাটা ও মাড়াইয়ের কাজও চলছে। এবার ভালো ফলনের আশা করেছিলেন কৃষকরা। তবে টানা বৃষ্টিতে পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়ছে। জমিতে পানি জমে থাকায় ধান ভিজে নষ্ট ও পচে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ক্ষতি এড়াতে অনেক কৃষক আধাপাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। কিন্তু শ্রমিকের উচ্চ মজুরি ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেই চেষ্টাও ব্যাহত হচ্ছে।
পরশুরামের বীরচন্দ্র নগর গ্রামের কৃষক মাহমুদুল হাসান বলেন, আমনে ভালো ফলন হলেও ফসল কাটার পর বাড়িতে আনতে পারিনি। চলমান অবস্থার দ্রুত উন্নতি না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।
আবুল খায়ের নামে আরেক কৃষক বলেন, বৃষ্টি না হলে এখনই ধান কাটা শুরু করার কথা ছিল। কিন্তু ঝোড়ো হাওয়ায় প্রায় ৪০ শতকের বেশি জমির পাকা ধান বাতাসে নুয়ে পড়েছে। একদম ঘর তোলার আগমুহূর্তে এমন ক্ষতি কিভাবে কাটিয়ে উঠব জানি না।
ফুলগাজী উপজেলায়ও আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ২২৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। বাকি ৭০ শতাংশ এখনো মাঠে রয়েছে। টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পাকা ধানগাছ নুয়ে পড়েছে। নিচু জমিতে পানি জমে কিছু ধানগাছ তলিয়ে গেছে। এমনকি কেটে জমিতে বিছিয়ে রাখা ধানও ভিজে নষ্ট হচ্ছে।
মুন্সীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার কৃষক তনু সরকার বলেন, কিছুদিনের মধ্যেই আমন ধানের কাটা-মাড়াই শুরু করার কথা ছিল। কিন্তু এর আগেই খারাপ আবহাওয়া শুরু হয়েছে। বাতাসে পাকা ধানগাছ হেলে পড়েছে। জমিতে পানি জমেছে, ধান ঝরে যাচ্ছে। বৃষ্টির আগে কেটে জমিতে বিছিয়ে রাখা ধানও নষ্ট হচ্ছে। এখন ধান কাটতে গেলেও শ্রমিকের খরচ বেশি পড়বে। আবার বৃষ্টির কারণে কাটা ধান শুকানোও সম্ভব হচ্ছে না।
পরশুরাম উপজেলার স্থানীয় কয়েকজন কৃষক জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যা ও উজান থেকে নেমে আসা ঢলে তাদের আমন আবাদ সম্পূর্ণ নষ্ট হয়েছিল। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও ভালো হয়েছিল। কিন্তু অসময়ের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় আবারও ফসলহানির শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে নিচু জমির ধান বেশি ঝুঁকিতে রয়েছে। ফসল ঠিকমতো ঘরে তুলতে না পারলে আগামী দিনগুলোয় সংসার চালানো কঠিন হয়ে পড়বে বলে জানান তারা। জেলার বিভিন্ন এলাকায় আগাম শীতকালীন সবজি হিসেবে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ করেছেন কৃষকরা। টানা বৃষ্টিতে নিচু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে সবজির চারারও গোড়া পচে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ২৪ ঘণ্টায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির পরিমাণ শনিবার সকালে পর্যন্ত কম ছিল, বেলা ১১টা থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে কৃষি কর্মকর্তারা বলছেন, আমন ধান ৮০ শতাংশ পেকে গেলে আর অপেক্ষা না করে দ্রুত কেটে নিরাপদ ও উঁচু স্থানে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি শীতকালীন সবজির জমি থেকে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, টানা বৃষ্টিতে শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, লাউ, মিষ্টিকুমড়া ও শিমের ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। তবে আমন ধানের ক্ষেত্রে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির শঙ্কা নেই। বৃষ্টি বন্ধ হয়ে দ্রুত রোদ উঠলে ধানের ক্ষয়ক্ষতি কম হবে। সামনে কৃষি প্রণোদনা কর্মসূচি এলে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
এ ব্যাপারে জানতে কথা হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মাসুদ হোসেন বলেন, এখন পর্যন্ত বৃষ্টিতে ফসলের তেমন বেশি ক্ষতির তথ্য পাইনি। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে। কৃষি বিভাগের কর্মকর্তারা এই পরিস্থিতিতে সবসময় মাঠে সজাগ রয়েছে।
