নওগাঁয় অসময়ের বৃষ্টিতে ফসল নিয়ে বিপাকে কৃষক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আশরাফুল নয়ন, নওগাঁ

ঘূর্ণিঝড় আকভান এর প্রভাব পড়েছে নওগাঁয়। গত দুইদিন মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে নিম্নচাপের মতো ঝরে পড়ছে বৃষ্টি। সাথে জেকে বসেছে শীত। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যহৃত হচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে তেমন একটা বের হচ্ছে না। বৈরি আবহাওয়ায় কর্মজীবি মানুষের আয় রোজগারও কমেছে। নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগারের তথ্যমতে-গত ২৪ ঘন্টায় জেলায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ৯৬ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। জেলার মাঠে মাঠে আমন ধান কাটা মাড়াই চলছে। এরমধ্যে আকভানের প্রভাবে বৃষ্টি হচ্ছে। জমিতে পানি জমে কাটা ধান ভিজে গেছে। কৃষকরা ফলন কম হওয়া ও বাড়তি পরিশ্রম নিয়ে দুশ্চিন্তর মধ্যে পড়েছে। এতে বৃষ্টির পানিতে ভিজে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। আমন ধানের পাশাপাশি আলু, রসুন-পেঁয়াজ ও সরিষা জমিতে জমেছে পানি। এক মাস আগে রোপন করা এসব ফসলের তেমন একটা সমস্যা না হলেও এক সপ্তাহ আগে রোপন করা ফসল নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। একদিনে ফসল উৎপাদনে বাড়তি খরচ ও ন্যায্য মুল্য না পাওয়া। অপরদিকে বৃষ্টিতে ফসল ক্ষতি যেন কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বদলগাছী উপজেলার তিলবদলী গ্রামের কৃষক লিটন হোসেন বলেন— দুই বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছি। এরমধ্যে একবিঘা জমির আমন ধান কেটে জমিতে রেখে দেওয়া হয়েছিল। খড় শুকিয়ে গেলে মাড়াই করা হবে। কিন্তু শুক্রবার থেকে বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। আবার যে ধান কাটা হয়নি বাতাসে মাটিতে শুয়ে পড়েছ। ধানগুলো পানিতে ভাসছে। এতে ফলন কম হবে। শ্রমিক খরচও বাড়বে। বৃষ্টিতে মোটামুটি ধানের ক্ষতি হয়েছে। মহাদেবপুর উপজেলার হরিরামনগর গ্রামের কৃষক কায়েশ বলেন— কিছুদিন আগে এক বিঘা জমিতে দেশীয় জাতের আলু রোপণ করা হয়েছে। কিছু গাছ দেখা দিয়েছে। এখনো অনেক আলুর গাছ উঠেনি। দুইদিনের বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। যেসব আলু থেকে এখনো গাছ বের হয়নি সেগুলোর গাছ হবে কিনা বলা যাচ্ছে না। আবার যেসব গাছ গজিয়েছে আবহাওয়া ভাল হলে পঁচানি রোগ হওয়ার সম্ভবনা আছে। শাক-সবজিতে অল্প পানির জন্য ভাল। বেশি পানি হলে সমস্যা। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর রহমান বলেন-বৃষ্টিতে ফসলের ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা সম্ভব হয়নি। বৃষ্টি হলেও ফসলের বিশেষ করে ধানের তেমন একটা ক্ষতি হয়নি। তবে আমন ধানের মাথা হেলে পড়েছে। আবহাওয়া ভাল হলে তা সেরে যাবে। তবে কিছু শাক-সবজি ও ফসলের জন্য এ বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছে।