আক্কেলপুরে ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
একদিকে পাকা আমন ধান ঘরে তোলার অপেক্ষা, অন্যদিকে জমিতে রোপণ করা আগাম আলু। দুই ফসল ঘিরে ভালো ফলনের স্বপ্ন দেখছিলেন জয়পুরহাটের আক্কেলপুরের কৃষকেরা। কিন্তু অসময়ের এক বৃষ্টিতে সেই স্বপ্নে দেখা দিয়েছে দুশ্চিন্তা। বৃষ্টিতে পাকা আমন ধান জমিতে হেলে পড়েছে। কোথাও কেটে রাখা ধান ভিজে পড়ে আছে মাঠে। অন্যদিকে আলুর জমিতে পানি জমে থাকায় বীজ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে একসঙ্গে মাঠের দুই ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ঘূর্ণিঝড় 'আকভান'-এর প্রভাবে গত শুক্রবার দুপুরের পর থেকে শুরু হওয়া বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ভিজে গেছে। কৃষি অফিসের তথ্যমতে, শুক্রবার থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত উপজেলায় গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮ মিলিমিটার। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, অনেক জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। কোথাও কেটে রাখা ধান জমিতেই পড়ে আছে। ভেজা জমিতে ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। পাশাপাশি আলুর জমি থেকে পানি সরানোর চেষ্টা করছেন চাষিরা। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, গোপীনাথপুর ইউনিয়নেই প্রায় ১০০ হেক্টর জমির আমন ধান হেলে পড়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ হেক্টর আলুর জমিতে পানি জমেছে। এসব জমি থেকে পানি নিষ্কাশনের কাজ চলছে। গোপীনাথপুরের কৃষক আব্দুল মজিদ বলেন, চার বিঘা জমিতে আমন চাষ করেছিলাম। আড়াই বিঘার ধান কেটে জমিতে রেখেছি, কিন্তু ঘরে তুলতে পারিনি। অন্যান্য জমির ধান বৃষ্টিতে নুয়ে পড়েছে। ফলন ভালো হয়েছিল। এখন বৃষ্টির জন্য দুশ্চিন্তায় আছি। আলুচাষি আবু কালাম আলী বলেন, সাড়ে তিন বিঘা জমিতে তিন দিন আগে আগাম আলু লাগিয়েছি। বৃষ্টিতে জমিতে পানি জমেছিল। পানি সরিয়েছি। তবে মাটি বেশিদিন ভেজা থাকলে বীজ পচে গাছ নাও গজাতে পারে। নতুন করে আলু লাগাতে হলে বাড়তি খরচ হবে।
বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার (আজ) পর্যন্ত এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে ফসলি জমিতে পানি জমে থাকা এবং পাকা ধান ঘরে তুলতে না পারার ঝুঁকি আরও বাড়তে পারে। কৃষি বিভাগের আশঙ্কা, হেলে পড়া ধানের শিষ থেকে পাঁচ-ছয় দিনের মধ্যে নতুন চারা গজাতে পারে। এতে ধানের গুণগত মান ও ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে আলুর জমিতে পানি জমে থাকলে বীজ পচে যেতে পারে। আগামী দুই-তিন দিনের মধ্যে এর প্রভাব বোঝা যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের পরিচর্যায় আমন ধানের ফলন ভালো হয়েছে। তবে বৈরী আবহাওয়ায় কিছু কৃষক ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে ফসলের ক্ষতি এড়ানো সম্ভব হবে। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
