সিরাজগঞ্জ জেলাকে প্রথম ছানিমুক্ত ঘোষণা করা হবে
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, সারাদেশে ১০ লাখ ছানি অপারেশনের পরিকল্পনার অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ২০ হাজার রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেয়া হয়েছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে। গতকাল শনিবার শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
সারাদেশের মানুষ তার নেতৃত্বে আস্থা রেখেছেন। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পাবেন। সিরাজগঞ্জকে ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ এরই অংশ। চোখের আলো মানুষের অমূল্য সম্পদ।
সহিংসতা ও আন্দোলনে অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। দেশের কোনো মানুষ যেন অর্থের অভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন। ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানিসহ বিভিন্ন চক্ষু রোগের পরামর্শ এবং চশমার পাওয়ার নির্ণয় করা হয়। এছাড়া পরীক্ষা-নিরীক্ষার পর ছানি আক্রান্ত রোগীদের তালিকাভুক্ত করে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
