গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ চার

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন শাহীন আলম (৩০), তার স্ত্রী লিমা আক্তার (২৬), সাহেদ আলী (২৫) ও মো. হোসেন (২৪)। শাহীন ও সাহেদ সম্পর্কে ভাই। তাদের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার কুমারপাড়া এলাকায়।

অন্যদিকে লিমা ও হোসেনের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। এছাড়াও বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে গেছে, আগুন ধরেছে ঘরের আসবাবপত্রেও। গতকাল শনিবার ভোরে পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। রাতে গ্যাস সরবরাহ না থাকলেও চুলার সংযোগের সুইচ খোলা ছিল। পরে রাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে তা ঘরের ভেতরে ছড়িয়ে জমতে থাকে। ভোরে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঘরের বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ চারজনকে উদ্ধার করেন।