ধানখেত থেকে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে নূর মোহাম্মদ রাব্বি (১৫) নামের এক নিখোঁজ অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের হন্তনাবাজ গ্রামের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর গলায় রশি পেঁচানো এবং একটি চোখ উপড়ে নেওয়ার চিহ্ন পাওয়া গেছে।নিহত রাব্বি শিবগঞ্জ উপজেলার পীরব কাজীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাব্বি পেশায় অটোভ্যানচালক ছিলেন। গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। সন্ধ্যায় তাকে স্থানীয় বাজারে দেখা গেলেও এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এদিকে গতকাল শনিবার সকালে হন্তনাবাজ গ্রামের একটি ধানক্ষেতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে রাব্বির পরিচয় শনাক্ত করেন। ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় জিডি করা হয়েছিল।
