মুন্সীগঞ্জে রাজস্ব সভা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী । গতকাল রোববার সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট অংশীজন। সভায় জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের সাধারণ অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন। তিনি নামজারির আবেদনসমূহ আটাশ দিনের মধ্যে নিষ্পত্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ের হার বৃদ্ধি এবং অর্পিত সম্পত্তির লিজমানি আদায়ের হার বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

জেলার সরকারি খাসজমি পুনরুদ্ধার এবং পুনরুদ্ধার জমির দখল ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সহকারী কমিশনারদের (ভূমি) নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মিস কেসসমূহ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করে কোনো মিস কেস যেন এক বছরের অধিক সময় অনিষ্পন্ন অবস্থায় না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক রাজস্ব আদায় বৃদ্ধি, ভূমি ব্যবস্থাপনার উন্নয়ন এবং ভূমিসংক্রান্ত সেবা দ্রুত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।