খাগড়াছড়িতে ডাকসু ভিপির বাড়িতে অগ্নিসংযোগ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খাগড়াছড়ি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরের বাড়িতে নাশকতামূলক অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ৪ জনের মধ্যে ৩ জনকে শনাক্ত করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত ৪ জনে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। জড়িতদের আটকে অভিযান চলছে। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদি হয়ে মামলা করবেন, যা প্রক্রিয়াধীন।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা ৪ জনের মধ্যে জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না, একই এলাকার সাইফ, দীঘিনালা উপজেলার ওমর ফারুক। আরেকজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।
গতকাল রোববার সকালে সেনাবাহিনী, পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে, শনিবার রাত সাড়ে ৩ টার দিকে সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরের নয়নপুরের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করা হয়। আগুন ছড়িয়ে পড়ার আগে স্থানীয় ও প্রতিবেশীরা তা নিভিয়ে ফেলায় বড়ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাড়িতে থাকা সাদিক কায়েমের বাবা মা।
সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে বের হওয়ার চেষ্টা করলে ঘরের চারপাশে আগুন ছড়িয়ে দেখেন। এ সময় চিৎকারে প্রতিবেশীরা এসে পানি ঢেলে আগুন নেভান। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এ সময় ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ।
