কলমাকান্দায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
সীমান্তবর্তী এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ ক্যাম্পেইনে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৫৪ জন চিকিৎসাসেবা পেয়েছেন। গতকাল রোববার খারনই বিওপি সংলগ্ন খেলার মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে তিনজন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন ময়মনসিংহের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একজন বেসামরিক চিকিৎসক এবং কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পেইনে চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৭ জন, নারী ১৩৫ জন এবং শিশু ৪২ জন। চিকিৎসাসেবার পাশাপাশি তাঁদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ ছাড়া রোগীদের ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থাও করা হয়। ক্যাম্পেইনে ৫৪ গ্রুপের বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল বিভিন্ন ধরনের ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ ও মলম। ফলে প্রত্যন্ত সীমান্ত এলাকার অনেক দরিদ্র ও অসহায় মানুষ নিজ এলাকার কাছেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি, সংশ্লিষ্ট কোম্পানি ও বিওপি কমান্ডার, বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
