সীমান্তে চোরাচালান প্রতিরোধে প্রশিক্ষণ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত অভিযান ও নজরদারির পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে স্থানীয়দের স্বাবলম্বী করে চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান বিজিবির কর্মকর্তারা। গতকাল রোববার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মাছ খুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে চার মাসব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ দেওয়া অনুষ্ঠানে এমন কথা বলেন তারা।এ সময় উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, ৫০ বিজিবির অধিনায়ক জবায়ের হোসেনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজিবি জানায় একদিকে ভারতের সীমান্ত, অন্যদিকে বিস্তীর্ণ জনপদ ও কৃষিজমি। ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকাগুলোর ভৌগোলিক অবস্থানের কারণে এখানে রয়েছে চোরাচালানের ঝুঁকি। সুযোগ পেলেই সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার চেষ্টা করে চোরাকারবারিরা। এতে একদিকে যেমন দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি।