কাউখালীতে ফ্যামিলি কার্ড ও ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকর্মী পরিচয়ে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণা চক্রের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আটক ৩ জনসহ ঘটনার সাথে জড়িত কয়েকজনকে আসামি করে কাউখালী থানায় নিয়মিত মামলা হয়েছে। আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, বিষয়টি তদন্ত করার জন্য পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কে দায়িত্ব প্রদান করেছেন বলে সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা গেছে। সোমবার (২৩ নভেম্বর) কাউখালী থানায় প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এজাহারে ঘটনার সময়কাল চলতি বছরের ৫ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত উল্লেখ করা হয়েছে। উপজেলার আসপর্দী গ্রামের মোসা. হালিমা বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা নিজেদের প্রভাবশালী পরিচয় দিয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করার কথা বলে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করেন। পরে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। ফ্যামিলি কার্ডের জন্য সাড়ে তিন হাজার, ঘরের জন্য ৫০ হাজার এবং গভীর নলকূপের জন্য ১৫ হাজার টাকা দাবি করা হয়।
এ ছাড়া কম দামে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে প্রথমে প্রলোভনও দেখানো হয়। অনেকেই কম দামে এই সমস্ত মালামাল পেয়ে এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষ টাকা দেন। একপর্যায়ে টাকা নিয়ে চক্রটির সদস্যরা গা-ঢাকা দেন। এর আগে গত রোববার (২২ নভেম্বর) রাতে প্রতারণার খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযান চালিয়ে চক্রের তিন সহযোগীকে আটক করে কাউখালী থানায় সোপর্দ করেন। এ সময় অর্ধশতাধিক নারীসহ বিপুলসংখ্যক ভুক্তভোগী থানায় এসে অভিযোগ জানান। অনেককে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।
ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, থানায় আসা ব্যক্তিদের মধ্যে ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন মালামাল কেনার নামে এবং ১২ জন ঘর ও টিউবওয়েলের জন্য টাকা দিয়েছেন। তাঁদের মধ্যে দিনমজুর, শিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন।এর বাইরে ও আরো অনেকে টাকা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে অনেকেই থানায় অভিযোগ নিয়ে না আসায় সর্বমোট কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা পাওয়া সম্ভব হয় নাই। অভিযোগে চক্রটির মূল হোতা হিসেবে শাকিল আহমেদের নাম উঠে এসেছে। তার প্রধান সহযোগী হিসেবে ফাহিমা নামের এক নারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যিনি আগেই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়দের দাবি। উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, প্রতারক চক্রের সদস্যদের ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে মূল হোতা পালিয়ে গেছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে চক্রটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
