টাঙ্গাইলে ১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি
রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকরা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার সেচ প্রকল্প ও শিল্প এলাকা থেকে প্রতিনিয়ত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। চোর ধরতে পুরস্কার ঘোষণা কিংবা মাইকিং করে সচেতনতাতও কোনো সুফল মিলছে না। উপায়ান্তর না দেখে চুরি ঠেকাতে এখন রাত জেগে বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার পাহারা দিচ্ছেন কৃষকরা। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১৬ মাসে তাদের আওতাধীন এলাকা থেকে ৩৮২টি ট্রান্সফরমার ও ৮টি তিন ফেজ মিটার চুরি হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
সূত্রমতে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নাগরপুরে ৪৮টি, মির্জাপুরে ৪৭টি, টাঙ্গাইল সদরে ৪৫টি, এলেঙ্গা জোনে ৩৭টি, দেলদুয়ারে ৩৬টি, বাসাইলে ৩০টি এবং গোড়াই জোনাল এলাকায় ২৪টি ট্রান্সফরমার চুরি হয়। এ ছাড়া চলতি বছরের জুলাই থেকে অক্টোবর- এই চার মাসেই চুরি হয়েছে আরও ১১৫টি ট্রান্সফরমার। চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর মধ্যে ৫ কেভিএ ১৭২টি, ১০ কেভিএ ১৩৫টি, ১৫ কেভিএ ৪৬টি, ২৫ কেভিএ ২১টি, ৩৭ দশমিক ৫ কেভিএ ৬টি এবং ৫০ কেভিএ ২টি রয়েছে। অন্যদিকে, গত এক বছরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনের আওতাধীন জেলার মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলায় আরও প্রায় ২০০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ১২টি উপজেলায় জাতীয় গ্রিডের বিদ্যুতে সেচ ও কলকারখানা চলে। ট্রান্সফরমারের ভেতরে থাকা দামি তামা ও পিতলের কয়েল, অয়েল, লোহার কোর ও বুশিংয়ের লোভে চোরচক্র এগুলো চুরি করে। অনেক ক্ষেত্রে চোরেরা খুঁটির ওপরেই ট্রান্সফরমার ভেঙে ভেতরের মূল্যবান যন্ত্রাংশ নিয়ে খালি খাঁচা ফেলে রেখে যায়। পরে তামার তারের ওপরের পিভিসি কভার পুড়িয়ে তা বিক্রি করে দেয়। বেশ কিছু এলাকায় সেচ প্রকল্পের পাহারাদার ও মিলের শ্রমিকদের মারধর ও হাত-পা বেঁধে রেখে ট্রান্সফরমার লুটের ঘটনাও ঘটেছে। গত ৩ অক্টোবর রাতে মাইক্রোবাসে আসা ৬-৭ জনের একটি দল কালিহাতী পৌরসভার নিশ্চিন্তপুর এলাকার একটি মিলের তালা কেটে ভেতরে ঢোকে। তারা শ্রমিকদের মারধর ও হাত-পা বেঁধে মিলের ট্রান্সফরমারটি নিয়ে যায়। আবার ঘাটাইলের লক্ষ্মীন্দর ইউনিয়নে এক চোর হাতেনাতে ধরা পড়লেও গ্রাম্য সালিশে বেত্রাঘাত করে তাকে ছেড়ে দেওয়া হয়। গত সেপ্টেম্বর ও অক্টোবরে সখীপুর উপজেলায় একাধিক ট্রান্সফরমার চুরির পর চোর ধরিয়ে দিতে সম্মানজনক পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ। গত ২ নভেম্বর উপজেলাজুড়ে এ নিয়ে দিনব্যাপী মাইকিংও করা হয়। কিন্তু মাইকিংয়ের দুদিনের মাথায়ই এলাকায় আরও দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। বিদ্যুৎ বিভাগের নিয়ম অনুযায়ী, প্রথমবার ট্রান্সফরমার চুরি হলে নতুনটি বসাতে গ্রাহককে অর্ধেক দাম পরিশোধ করতে হয়। দ্বিতীয়বার চুরি হলে দিতে হয় পুরো মূল্য। এতে চরম বিপাকে পড়েছেন কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা। নাগরপুর উপজেলার নয়াপাড়া গ্রামের কৃষক মাসুদ রানা জানান, তিনি ৫০ একর জমিতে ধান চাষ করেন। সম্প্রতি চোরেরা তাঁর সেচ প্রকল্পের ট্রান্সফরমারের সব যন্ত্রাংশ খুলে নিয়ে খাঁচাটি ফেলে যায়। পরে বাধ্য হয়ে গরু বিক্রির টাকায় তিনি নতুন ট্রান্সফরমার কিনেছেন। দেলদুয়ার উপজেলার ভুক্তভোগী শরিফুল ইসলামের ট্রান্সফরমার চুরি হয় গত ২৫ সেপ্টেম্বর। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় এত ভারী ট্রান্সফরমার সাধারণ মানুষের পক্ষে নামানো অসম্ভব। এর পেছনে অবশ্যই বিদ্যুৎ বিভাগের অভিজ্ঞ ও অসাধু লোকজনের হাত রয়েছে। কর্তৃপক্ষ কঠোর না হলে এই চুরি বন্ধ হবে না। এ ব্যাপারে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি মিজানুর রহমান বলেন, 'বিভিন্ন এলাকা থেকে প্রায়ই ট্রান্সফরমার চুরির খবর আসে। ট্রান্সফরমার চুরি হলে গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও ভোগান্তির শিকার হন। চুরি হলে মামলা হয়, পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়; কিন্তু কয়েক দিন পর জামিনে বের হয়ে তারা আবার চুরি করে। তিনি বলেন, চোরচক্রের সঙ্গে স্ব স্ব স্থানীয় টেকনিশিয়ানরা জড়িত। গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকলে সহজেই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে। এছাড়া চুরি ঠেকাতে সমিতির কর্মকর্তাদের নজরদারি বাড়ানো ও কৃষকদের আরো বেশি সচেতন হতে হবে। টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার(জিএম) প্রকৌশলী মো ছানোয়ার হোসেন জানান, টাপবিসের গ্রাহক সংখ্যা প্রায় পাঁচ লাখ সাড়ে ৭২ হাজার। এরমধ্যে প্রায় ৪০ হাজার সেচগ্রাহক রয়েছে। ট্রান্সফরমার চুরি ঠেকাতে কী কী ব্যবস্থা নেওয়া যায়- তা নির্ধারণের জন্য টাপবিস(টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি) এর পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে। এছাড়া সমিতির নিয়ন্ত্রণাধীন প্রায় ৪০ হাজার সেচ গ্রাহকের মধ্যে সচেতনতা বাড়াতে মাঝে মধ্যেই ব্রিফিং করা হয়ে থাকে। মূলত গ্রাহকদের সচেতনতায়ই এই চুরি রোধ করা সম্ভব।
