সিরাজগঞ্জে আ.লীগ নেতা হত্যার ঘটনায় মামলা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী ধরপাড়া বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আশরাফ আলীকে (৫৮) হত্যার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ৫দিন পর গত সোমবার রাতে থানায় এ মামলা করা হয়।
এনায়েতপুর থানার ওসি মোহায়মিনুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই বাজার থেকে বাড়ি আসছিল স্থানীয় ইউনিয়ন আ.লীগের দপ্তর সম্পাদক আশরাফ আলী। এ সময় তাকে মারপিট ও উপর্যপুরি ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ভোর রাতে তিনি মারা যান।
