হোসেনপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম। সভায় উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক প্রতিবেদন তুলে ধরা হয়। পরে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার বিদ্যমান সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় মাদক ও ইভটিজিং প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং সচেতনতামূলক প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। চুরি ও ছিনতাই রোধে নৈশকালীন পুলিশি টহল বৃদ্ধি এবং উপজেলার ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা প্রদান এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাজার এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং যানজট নিরসনে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
