মেঘনার তীররক্ষা বাঁধ প্রকল্পের ৭০ শতাংশ কাজ সম্পন্ন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রিয়াজ মাহমুদ বিনু-রামগতি (লক্ষ্মীপুর)

দীর্ঘ তিনযুগ ধরে মেঘনা নদীর ভাঙনে আতঙ্কে থাকা লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের প্রায় ৭ লাখ মানুষের জন্য আশার আলো হয়ে এসেছে মেঘনার তীর সংরক্ষণ বাঁধ প্রকল্প। তিন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে ভয়াবহ নদীভাঙন থেকে রক্ষা পাবে বিস্তীর্ণ জনপদ। বদলে যাবে রামগতি-কমলনগরের অর্থনীতি ও জীবনযাত্রার মান।
এক সময়ে মেঘনা নদী ছিল এ অঞ্চলের মানুষের কাছে অভিশাপ। বর্তমানে সেই মেঘনা হয়ে গেলো আর্শীবাদ। ৩ হাজার ১ শ কোটি টাকা ব্যায়ে নির্মাণাধীন মেঘনার তীর রক্ষা বাঁধকে ঘিরে পর্যটন শিল্পের সম্ভাবনায় পাল্টে যাচ্ছে রামগতি ও কমলনগরের চিত্র। গত তিন দশক ধরে এ অঞ্চলের মানুষের কাছে আতঙ্ক ছিল মেঘনার তীব্র ভাঙনের খবর। দেখতে হয়েছে ভাঙনের সেই ভয়াল দৃশ্যগুলো। এখন এ দৃশ্য কেটে এবার স্বস্তির নিশ্বাস ফেলেতে শুরু করছে এ অঞ্চলের ৭ লাখ মানুষ। নির্মাণাধীন মেঘনার তীর রক্ষা বাঁধের অগ্রগতি দেখে বেশ আনন্দিত স্থানীয় বাসিন্দারা।
সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রকল্পের আওতায় মেঘনা নদীর তীর সংরক্ষণ, ব্লক স্থাপন, জিওব্যাগ ডাম্পিং, ডাইক নির্মাণ, তীর প্রতিরক্ষা কাঠামো এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ চলছে জোরেশোরে। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে ঘুম নেই পাউবো কর্মকর্তাদের। পাথরে তৈরি করা ব্লক ফেলে বেড়ি বাঁধের কাজ চলছে দ্রুত গতিতে। প্রায় ৭০ শতাংশ কাজ শেষ পর্যায়ে। ২০২৭ সালের শেষে বিশাল এ প্রজেক্টের কাজ সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। তারা জানান, বাঁধের কাজ সম্পন্ন হলে এ অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। স্থানীয়রাও সে আশায় রয়েছেন। একই সঙে পাল্টে যাবে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্র।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ জুন লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনা নদীর ৩১ কিলোমিটার তীররক্ষা বাঁধ সংরক্ষণ নামের প্রকল্পটি পাস করে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)। এতে মোট ব্যয় ধরা হয় তিন হাজার কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৯৯ টাকা। ৩১ কিলোমিটার এলাকাকে ৯৭টি প্যাকেজে ভাগ করে জোরেশোরে চলছে বেড়িবাঁধের কাজ। এই প্যাকেজের সঙ্গে আরো দুটি প্যাকেজে ২০টি রেগুলেটর ও একটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রকল্প রয়েছে। ২০২১ সালের ১ জুলাই প্রকল্পের কার্যক্রম শুরু হয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সামাজিক, রাজনৈতিক প্রতিবন্ধকতা ও নির্ধারিত সময়ে টাকা ছাড় না দেওয়া সহ নানা কারণে প্রকল্পের কাজ সমাপ্ত করা যায়নি। পরবর্তীতে প্রকল্পের সময় এক বছর বাড়ানো হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পাউবো কর্মকর্তাদের নিবিড় পর্যবেক্ষণে পুরোদমে চলছে কাজ। ইতিমধ্যে প্রকল্পটির ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়দের ভাষ্য, তিনদশক ধরে মেঘনা নদীর ধারাবাহিক ভাঙনে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার প্রায় ২৪৮ বর্গকিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ সময় ভিটামাটি হারিয়েছে লক্ষাধিক মানুষের বেশী। বছরের পর বছর নদীভাঙনে ঘরবাড়ি, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, কাঁচা-পাকা সড়কসহ অসংখ্য সরকারি-বেসরকারি স্থাপনা মেঘনার গর্ভে বিলীন হয়েছে।
লক্ষাধিক পরিবার বসতভিটা হারিয়ে মানবেতর জীবন কাটিয়েছে। তাই এ প্রকল্পকে তারা শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং জীবন-জীবিকার সুরক্ষার নিশ্চয়তা হিসেবে দেখছেন। প্রকল্পটিকে বিতর্কিত করার জন্য একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে সোশাল মিডিয়া ফেসবুক ও অনলাইন পোর্টালে মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য উপস্থাপন করে বিশাল এ প্রজেক্টকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব মিথ্যা বানোয়াট ও গুজবে কান না দিয়ে পাউবোর উপর আস্থা রেখে তাদেরকে সহায়তা করার আহবান জানান কর্মকর্তারা।
কমলনগরের মাতাব্বরহাট এলাকার বাসিন্দা দিদার হোসেন ও মো. জুয়েল বলেন, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে পরিচালিত মেঘনার তীর সংরক্ষণ বাঁধের কার্যক্রম মোটামুটি ভালই চলছে। বেশীরভাগ অংশে বাঁধ এখন দৃশ্যমান। কিছু কিছু জায়গা কাজ চলছে। অল্প সময়ের মধ্যে আশাকরি পুরো ৩১ কিলোমিটার এলাকা দৃশ্যমান দেখা যাবে। অবসর সময় পেলেই এখানে এসে সময় কাটান তারা।
স্থানীয় স্কুল শিক্ষক জহির উদ্দিন বলেন, মেঘনার তীর রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় কমলনগরের মতিরহাট থেকে রামগতি বাজার পর্যন্ত প্রায় ৩১ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ শেষ হলে এটি হবে দ্বিতীয় সমুদ্র সৈকত। কাজের গুণগত মানও মোটামুটি সন্তোষজনক।
লক্ষ্মীপুর পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, ৩১ কিলোমিটার এলাকার বিশাল এ প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে। আমাদের চেষ্টার কোন কমতি নেই। টেকসই বাঁধ নির্মাণে আমরা সবসময় নিবিড় পর্যবেক্ষণ করছি। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যাতে কোন অবস্থাতেই প্রকল্পের কাজে নয় ছয় করতে না পারে, সেজন্য পাউবো কঠোর তদারকি করছে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান ও রামগতির ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, বিশাল এ প্রজেক্টটি মুলত পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করছেন। এখন পর্যন্ত কোন ধরনের সমস্যা দেখা যায়নি। আশা করি পাউবোর কর্মকর্তারা এ অঞ্চলের মানুষের স্বপ্নের বেড়িবাঁধটি অল্প সময়ের মধ্যে আমাদেরকে উপহার দিতে পারবে। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম বলেন, মেঘনার তীর রক্ষা বাঁধের কার্যক্রম দ্রুত শেষ করতে আমরা কাজ করছি। এরইমধ্যে প্রায় ৭০ শতাংশ কাজ দৃশ্যমান। বাকি ৩০ শতাংশ কাজ চলমান রয়েছে। পাউবোর কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আশা করছি ২০২৭ সালের শেষের দিকে আমরা এ প্রকল্পটি সম্পন্ন করতে পারবো।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, আমি রামগতি-কমলনগরকে ঢেলে সাজাতে চাই। পাউবোর তত্বাবধানে মেঘনার তীর সংরক্ষণ বাঁধটি বাস্তবায়িত হলে এ অঞ্চলকে আমরা পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প হাতে নেব।
