কাজিপুরে ঝুট কাপড়ে তৈরি হচ্ছে কম্বল, বাড়ছে চাহিদা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এস. এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের যমুনা নদীর তীরবর্তী কাজিপুর উপজেলার বিভিন্ন গ্রামে গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে ক্ষুদ্র পোশাক কারখানায় কম্বল তৈরি করছেন নারী-পুরুষ কারিগররা। শীতের আমেজ শুরু হতে না হতেই কম্বল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। এরইমধ্যে এসব কম্বল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ শুরু হয়েছে। জানা যায়, প্রতিবছরের মতো এবারও উপজেলার প্রায় ২৬টি গ্রামের কারিগররা শীতের আমেজ শুরু হওয়ার আগেই গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে ক্ষুদ্র পোশাক কারখানায় কম্বল তৈরি করছেন। শীত নিবারণে শুধু কম্বলই নয়, তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের পোশাকও। বিশেষ করে উপজেলার সাতকয়া, শ্যামপুর, শিমুলদাইড়, পাইকরতরী, ঢেকুরিয়া, বিলচতল, রৌহাবাড়ী, হরিনাথপুর, বেলতৈল, গাড়াবেড়, ছালাভরা, কুনকুনিয়া, চকপাড়া, চালিতাডাঙ্গা, বড়শীভাঙ্গাসহ বিভিন্ন গ্রামের ক্ষুদ্র পোশাক কারখানায় কম্বলসহ অন্যান্য পোশাক তৈরি হচ্ছে।
এসব কারখানায় ৩ থেকে ১২টি করে মেশিন রয়েছে। এসব ক্ষুদ্র কারখানায় নারী-পুরুষসহ বহু কারিগর কাজ করছেন। ক্ষুদ্র পোশাক কারখানার অনেক মালিক জানান, ঢাকা, গাজীপুর, সাভার, টঙ্গী, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক কারখানা থেকে ঝুট কাপড় সংগ্রহ করে তা দিয়ে কম্বল, ব্লেজার, ট্রাউজার, প্যান্টসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয়। তবে এ কাজে গরিব, অসহায় ও মধ্যবিত্ত পরিবারের লোকজন বেশি জড়িত। এসব ক্ষুদ্র পোশাক কারখানা বাণিজ্যিকভাবে রূপান্তরিত হওয়ায় অনেকেরই আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে। তারা আরও বলেন, সম্প্রতি অনেক গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ঝুট কাপড়ের সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে এবার কম্বলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। এসব কারখানায় পুরুষের তুলনায় নারী শ্রমিক ও কারিগরের সংখ্যা বেশি। সহজশর্তে ব্যাংকঋণ পাওয়া গেলে এ ব্যবসা আরও প্রসারিত হবে। এতে এসব ক্ষুদ্র পোশাক কারখানায় কারিগরের সংখ্যাও বাড়বে।
এদিকে, প্রায় দুই যুগ ধরে এসব গ্রামে ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরি করা হচ্ছে। কাজিপুরের অনেক নারী-পুরুষ ঢাকাসহ বিভিন্ন স্থানে গার্মেন্টসে চাকরি করেন। এ সুযোগে গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে পারিবারিকভাবে কম্বল তৈরি শুরু হয়। পরবর্তী সময়ে ক্রমান্বয়ে ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরির কাজ উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এসব কম্বল তৈরির কাজ গ্রামাঞ্চলে ক্ষুদ্র পোশাক কারখানা হিসেবে গড়ে ওঠে। এসব ক্ষুদ্র কারখানায় কম্বল ছাড়াও ব্লেজার, ট্রাউজার ও প্যান্ট তৈরি হচ্ছে। শীতকালে ব্যবহারের জন্য এসব কম্বল আরামদায়ক হওয়ায় এর চাহিদাও বাড়ছে। কারখানায় তৈরি কম্বল হাটবাজারে উঠছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব কম্বল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। এরইমধ্যে অনেক ব্যবসায়ী এসব কম্বল কেনার জন্য কাজিপুরে অবস্থান করছেন।
এ বিষয়ে শিমুলদাইড় বাজারের ক্ষুদ্র পোশাক কারখানা মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান জানান, শীতের আমেজ শুরু হতেই উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র পোশাক কারখানায় ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরি হচ্ছে। এ কম্বল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবার ঝুট কাপড়ের দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে কম্বল তৈরির মজুরিও বেড়েছে। সব মিলিয়ে কম্বলসহ অন্যান্য তৈরি পোশাকের দামও বাড়ছে। তবে সহজশর্তে ব্যাংকঋণ পাওয়া গেলে এ ব্যবসা আরও প্রসারিত হবে বলে তিনি উল্লেখ করেন।
