তরুণীকে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করায় দুইজনের যাবজ্জীবন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আটকে রেখে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা ও নির্যাতনের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পৃথক ধারায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর মজি ফকিরের বাড়ির ভাড়াটিয়া এলেম খার স্ত্রী রোজী সরদারনি এবং বাহির চর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার বাসেদের ছেলে মজি ফকির। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। আদালত সূত্রে জানা গেছে, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া একই আইনের ১১ ধারায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে এক তরুণীকে রাজবাড়ীর দৌলতদিয়ায় নিয়ে আসা হয়। পরে তাকে দৌলতদিয়া যৌনপল্লীর মজি ফকিরের বাড়িতে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা হয়। ওই তরুণী এতে অস্বীকৃতি জানালে ২০১৫ সালের ১৭ নভেম্বর রাতে থেকে পরদিন সকাল পর্যন্ত বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে তার ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে দৌলতদিয়া যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মী ও স্থানীয় সাংবাদিকদের সহায়তায় সুস্থ হয়ে ভুক্তভোগী তরুণী গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার সাক্ষী ও স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এনজিও কর্মী শেখ রাজীব বলেন, ওই সময় পায়াকট্ বাংলাদেশ-এর মানবাধিকার ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের উদ্ধার এবং বন্ডেড মেয়েদের উদ্ধার প্রকল্পের মাধ্যমে ওই তরুণীকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর সুস্থ হলে অভিভাবকদের মাধ্যমে তাদের সহায়তায় মামলা করা হয়। রাজবাড়ী মানবপাচার প্রতিরোধ ও দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা বলেন, সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।