নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো উপজেলা শাখার লিগ্যাল এইড উপ-পরিষদের আয়োজনে মহিলা পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) এবং বিশ্ব মানবাধিকার দিবস ২০২৬ পালন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নারী ও মেয়ে শিশুর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নির্যাতনের ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্যাতনের শিকার নারী ও শিশুদের আইনি সহায়তা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, সভা, সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধরসহ বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
