কিশোরগঞ্জে হোটেল কর্মচারী হত্যায় তিনজনের যাবজ্জীবন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা। নিহত জয়নাল আবেদীনও একই এলাকার বাসিন্দা। কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রহম আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন জয়নাল আবেদীন। ২০০৮ সালের ১১ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে হোটেলে আসেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। জয়নালের সঙ্গে কথা বলার একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাকে হোটেল থেকে ডেকে নিয়ে যান তারা। এরপর আর বাড়ি ফেরেননি জয়নাল। পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওরের মাঝখান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রথমে টাকা-পয়সার বিরোধের জেরে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন নিহত জয়নালের স্ত্রী। পরে মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলাটির তদন্তভার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) যাওয়ার পর হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য উঠে আসে। তদন্তে আগের গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।
