সিরাজগঞ্জে জলপাইয়ের বাজার জমজমাট
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এস, এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে এবার মৌসুমি জলপাই ফলের ফলন ভালো হয়েছে। শীতের আমেজ শুরুতেই এ জলপাই হাট-বাজারে উঠছে। বাজারে দাম ভালো থাকায় এ ফল চাষীরা খুশি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ জেলার ৯টি উপজেলার বিভিন্ন গ্রামঞ্চলের বাড়ির আঙিনা, পতিত জমি ও ভিটেমাটিতে প্রায় ১০২ হেক্টর জমিতে জলপাইয়ের ফলন ভালো হয়েছে। তবে উল্লাপাড়া, রায়গঞ্জ, কামারখন্দ, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এ ফলের ফলন ও উৎপাদন বেশি হয়েছে। বছরের এ নতুন জলপাই এ জেলার বিভিন্ন হাট বাজারে উঠছে। বিশেষ করে এ জেলার বাগবাটি, ছোনগাছা, রতনকান্দি, ব্রষ্মগাছা, চান্দাইকোনা, পাঙ্গাসী, নলকা, সোনামুখী, লাহিড়ী মোহনপুর হাটে এ জলপাই বেশি কেনাবেচা হয়। তবে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি হাট ঐতিহ্যবাহী জলপাইয়ের হাট হিসেবে পরিচিত। স্থানীয় কৃষকেরা বলছেন, কম খরচে লাভ বেশি এ জলপাই গাছের চারা লাগানো হচ্ছে। তবে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি হাটের পাশ্ববর্তী এলাকার সুবর্ণগাতি, হরিনা বাগবাটি, খাগা, ঘোড়াচড়া, কানগাতি, ছোনগাছা, শ্যামপুর, ব্রষ্মগাছা, রতনকান্দি, রাজিবপুর, ইছামতি, বেন্নাবাড়ি, গজারিয়া ও ফুলকোচা গ্রামসহ এ অঞ্চলের অনেক গ্রাম থেকে চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ওই হাটে জলপাই বিক্রি করতে আসেন এবং প্রতিবছরই এ হাটে জলপাই কেনা বেচা জমজমাট হয়ে ওঠে।
এ হাটেই দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা জলপাই ক্রয় করতে আসেন এবং তারা এ জলপাই বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করে। এসব কোম্পানি জলপাই আচারসহ বিভিন্ন মুখোরোচক খাবার তৈরি করা হয়। এছাড়া এ জলপাই বিভিন্ন স্থানের আড়তে বিক্রি হয়ে থাকে। আড়ত থেকেই ক্ষুদ্র ব্যবসায়ীরা পাইকারী দামে এসব জলপাই ক্রয় করে স্থানীয় হাট বাজারে বিক্রি করে। স্থানীয় পাইকারী ব্যবসায়ীরাও হাট বাজার থেকে জলপাই ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। বর্তমানে হাট বাজারে বিভিন্ন জাতের জলপাই ৪০ টাকা থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ জেলার বিভিন্ন স্থান থেকে বহু লোকজন এ হাটে জলপাই কেনাবেচার দৃশ্য দেখতেও আসেন এবং তারা পারিবারিক ভাবে আচার তৈরীতে এ জলপাই কিনে নিয়ে যায়। এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ আলোকিত বাংলাদেশকে বলেন, মৌসূমি জলপাই ফল এখন কৃষিপণ্য হিসেবে পরিণত হচ্ছে। কম খরচে উৎপাদিত এ ফলের চাহিদাও বাড়ছে। বিশেষ করে বাগবাটি হাটে এ জলপাই বিক্রির হিড়িক পড়েছে।
কৃষি বিভাগের অনেক কর্মকর্তা এ হাটে জলপাই কেনাবেচা দেখতে যান। এ জলপাই কেনাবেচার দৃশ্য দেখে মনে হয় এটি বিশেষ কৃষিপণ্য। জলপাইয়ের উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচির আওতায় কৃষকদের চারা বিতরণ করা হয়। এবার এ মৌসূমি ফলের ফলনও ভালো হয়েছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকেরা এখন খুশি বলে তিনি উল্লেখ করেন।
