নারী উদ্যোক্তা বিউটি বেগম পেলেন স্বর্ণপদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রান্তিক নারী উদ্যোক্তা মোছা. বিউটি বেগম। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা ও স্বর্ণপদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিউটি বেগম ক্ষেতলাল উপজেলার হিন্দা-বজরবরাহী গ্রামের তোতা মিয়ার স্ত্রী। প্রাণিসম্পদ উন্নয়নে প্রান্তিক খামারি ও অনগ্রসর জনগোষ্ঠীর অবদানের স্বীকৃতিস্বরূপ 'প্রান্তিক খামারি ও অনগ্রসর জনগোষ্ঠীর অবদান' ক্যাটাগরির ক্ষেত্র বিভাগে তিনি এ স্বর্ণপদক অর্জন করেন।

তিনি এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো), জয়পুরহাটের প্রাণিসম্পদ খাতের কার্যক্রমের একজন সফল নারী উদ্যোক্তা ও সুফলভোগী। পিকেএসএফের আর্থিক সহযোগিতা এবং এসোর প্রাণিসম্পদ খাতের মাধ্যমে বাস্তবায়িত 'বাক সার্ভিস সেন্টার' (বিউটি পাঠার খামার) কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে তিনি এ সাফল্য অর্জন করেন। বিউটি বেগমের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো)। সংস্থাটির প্রাণিসম্পদ খাতের কৃষি ইউনিটের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।