মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আব্দুল লতিফ তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধে কখনও অংশ নেননি। তবুও 'বীর মুক্তিযোদ্ধা'র ভুয়া সার্টিফিকেট তৈরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দফায় দফায় হাতিয়ে নেওয়া হয় সাড়ে ১০ লাখ টাকা। এমনই অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞার বিরুদ্ধে। সম্প্রতি এ নিয়ে ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাহানারা আজিজ নামে এক ভুক্তভোগী নারী। তিনি উপজেলার অর্জুনা ইউনিয়নের সাবেক সেনা সদস্য মৃত আব্দুল আজিজের স্ত্রী। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি জানিয়েছেন।
ভুক্তভোগী জাহানারা আজিজের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৭১ সালে তার স্বামী মহান মুক্তিযুদ্ধে কখনও অংশগ্রহণ করেননি। মুক্তিযোদ্ধা মজিদ মিঞা তার স্বামীকে মুক্তিযোদ্ধা বানানোর প্রলোভন দেখিয়ে তিন দফায় হাতিয়ে নেন সাড়ে ১০ লাখ টাকা। অভিযোগে উল্লেখ করা হয়, এই টাকা অপর মুক্তিযোদ্ধা ইসহাক মির্জারকে সঙ্গে নিয়ে মজিদ মিঞার কাছে দেওয়া হয়। পরবর্তীতে বারবার সার্টিফিকেট বা টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। বর্তমানে তিনি সার্টিফিকেট দিচ্ছেন না, টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান। জাহানারা আজিজ বলেন, দীর্ঘদিন ধরেই তার স্বামীর সাথে মুক্তিযোদ্ধা মজিদ মিঞার ঘনিষ্ঠতা ছিল। সেই সুযোগে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তৈরি করে দেওয়ার কথা বলে ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। এ নিয়ে বহুবার তার কাছে সার্টিফিকেট বা টাকা ফেরত চাইতে গেলে তিনি দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তার স্বামী ঋণের চাপ সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছেন। তিনি আরও বলেন, সুদে নেওয়া টাকার চাপ, অন্যদিকে মজিদ মিঞার কাছে দেওয়া সাড়ে ১০ লাখ টাকা ফেরত না পাওয়ায় তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই প্রতারণার শিকার হয়ে চরম অনিশ্চিয়তার মধ্যে পড়েছেন তিনি। এখনও মজিদ মিঞা নানা তালবাহানা করছেন। বাধ্য হয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। প্রতিবেশি রুবেল খান বলেন, মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে জীবিত অবস্থায় আব্দুল আজিজের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন মুক্তিযোদ্ধা মজিদ মিঞা। এ নিয়ে একাধিকবার তাকে তাগিদ দিলেও তিনি কোনো সাড়া দেননি। তাই টাকা ফেরত না পেয়ে ভুক্তভোগী ওই নারী আইনের আশ্রয় নিয়েছেন। ভুয়া মুক্তিযোদ্ধা তৈরির কারিগর এই মজিদ মিঞা রাষ্ট্রদ্রোহী কাজ করছেন। তার শাস্তি হওয়া দরকার। টাঙ্গাইল জেলা বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল লতিফ খান জানান, মজিদ মিঞা নিজেই একজন ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে আরেকজনকে ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর জন্য টাকা নিয়েছেন। শুধু আজিজের কাছ থেকে নয়, প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। তিনি ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর কারিগর। তাকে বিচারের আওতায় আনা উচিত। তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞা মুঠোফোনে জানান, তিনি কারও কাছ থেকে টাকা নেননি। তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে ষড়যন্ত্র করা হচ্ছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, তিনি এক ভুক্তভোগী নারীর অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
