ভাঙ্গুড়ায় শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর উদ্যোগে ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি এবং ৫ জন প্রশিক্ষণার্থীকে এককালীন প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সভাপতি ড. এম এ জাহিদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান।

এ সময় আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী, ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ ও সহকারী প্রশিক্ষক (টিডিএম) ফাতেমা খাতুন এবং ফিল্ড কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাব বাংলাদেশের প্রকল্পভুক্ত উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান—আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি কম্পিউটার অপারেশন লেভেল-২ কোর্সের ৫ জন দক্ষ প্রশিক্ষণার্থীকে এককালীন প্রশিক্ষণ বৃত্তি দেওয়া হয়।