কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হাসপাতাল সিলগালা

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা, অদক্ষ ব্যক্তির মাধ্যমে এক্স-রে, পরীক্ষার অতিরিক্ত ফি আদায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি হাসপাতাল সিলগালা করেছে সিভিল সার্জন কার্যালয়। বৃহস্পতিবার কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে যৌথ অভিযান চালায় সিভিল সার্জন কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই চিকিৎসাসেবা দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এছাড়া অদক্ষ ব্যক্তিদের দিয়ে এক্স-রে করানো, বিভিন্ন পরীক্ষার জন্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা, খিদমাহ স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা এবং আতিক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মীম হাসপাতাল সিলগালা করে সিভিল সার্জন কার্যালয়। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন— আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন, ডা. প্রসেনজিৎ বিশ্বাস, ডা. জিনাত মুসতারী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।