কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন আট বাংলাদেশি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বেনাপোল প্রতিনিধি
ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন আট বাংলাদেশি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা ব্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। তারা অভাবের তাড়নায় দালালের মাধ্যমে সীমান্তপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন স্থানে কাজ করছিলেন। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু ও কলকাতার দমদম পুলিশ তাদের আটক করে। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত থেকে ফেরত আসা আট বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, থানা থেকে তাদের গ্রহণ করে সংস্থার নিজস্ব শেল্টারহোমে রাখা হবে।
