পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সীমান্তে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দিন-রাত টহলের পাশাপাশি আধুনিক নজরদারি জোরদার করা হয়েছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এই বিশেষ নজরদারি কার্যক্রম শুরু হয়। অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন এবং দুর্গম পথে চলাচলের উপযোগী অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করা হচ্ছে। বিজিবি সূত্র জানায়, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানোর পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা বাড়ানো হয়েছে। আকাশপথে নজরদারির জন্য ড্রোন এবং স্থলপথে গতিশীল টহলের জন্য এটিভি ও সিসিটিভি ক্যামেরার সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। নজরদারির পাশাপাশি সীমান্ত অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা করছে বিজিবি।

এসব সভার মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষকে আইনকানুন ও সীমান্ত অপরাধের ঝুঁকি সম্পর্কে সতর্ক ও সচেতন করা হচ্ছে। এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা এবং সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।