কপোতাক্ষ নদের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মশিয়ার রহমান, কেশবপুর (যশোর)

যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের ওপর নির্মিত কাঠ ও বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের প্রায় ২০ গ্রামের মানুষ। দীর্ঘ ছয় মাস ধরে বন্ধ রয়েছে স্বাভাবিক পারাপার।
শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কাজে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ঝুঁকি নিয়ে ছোট নৌকায় নদী পার হতে গিয়ে ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও। এ অবস্থায় কপোতাক্ষ নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ, প্রবল স্রোত ও কচুরিপানার চাপে কপোতাক্ষ নদের ওপর নির্মিত প্রায় ১৮০ ফুট দীর্ঘ কাঠ ও বাঁশের সাঁকোটি ধসে পড়ে। এতে যশোরের কেশবপুর ও সাতক্ষীরার শার্শা অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সাঁকোটি ভেঙে যাওয়ায় সাতক্ষীরার শার্শা, সানতলা, কৃষ্ণনগর, পাঁচপাড়া, সেনেরগাতী, সরুলিয়া, ধানদিয়া ও কুঠিরঘাট এবং যশোরের সাগরদাঁড়ি, কোমরপোল, চিংড়া, বগা, নেহালপুর, মহাদেবপুর ও রেজাকাটিসহ আশপাশের প্রায় ২০টি গ্রামের মানুষ বিপাকে পড়েছেন। স্থানীয়রা জানান, ২০১১ সাল থেকে নিজেদের উদ্যোগে সাঁকোটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে আসছেন তারা। কিন্তু স্থায়ী সেতু না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর স্রোতে সাঁকোটি ক্ষতিগ্রস্ত হয়। এবার সাঁকোটি পুরোপুরি ভেঙে পড়ায় দুই পাড়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বর্তমানে শত শত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় নদী পারাপার হচ্ছেন। বিশেষ করে অসুস্থ রোগী, শিশু ও বয়স্কদের নদী পার হতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাটির অন্যতম আকর্ষণ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাঁড়ির মধুপল্লী। পাশাপাশি এখানে রয়েছে কলেজ, সরকারি পলিটেকনিক স্কুল ও কলেজ এবং সাগরদাঁড়ি মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। সাঁকোটি ভেঙে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিদিন নৌকায় নদী পার হয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।
অন্যদিকে, সাগরদাঁড়ি বাজারকে কেন্দ্র করে কপোতাক্ষের ওপারের অনেক গ্রামের মানুষের ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয়। সাঁকোটি ভেঙে যাওয়ায় বাজারে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন কমে গেছে। ফলে স্থানীয় ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, স্থায়ী সেতু নির্মাণের আশ্বাসে বিভিন্ন সময়ে পরিদর্শন ও জরিপ করা হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। দায়িত্ব নিয়ে টানাপোড়েন ও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে বছরের পর বছর ধরে তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি বাণিজ্য মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামল কুমার ঘোষ বলেন, সাঁকো ধসে পড়ায় কপোতাক্ষের দুই পাড়ের শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঝুঁকিপূর্ণ নৌকা পারাপারের কারণে অভিভাবকরাও সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন। পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এই স্থানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাচ্ছি। উপজেলা প্রকৌশলী এম এ জাসির বলেন, সাগরদাঁড়ি ও শার্শা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দাবির বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।
কপোতাক্ষ নদের ওপর এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের প্রস্তাবনা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি, প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান হবে।
