টাঙ্গাইলে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল

শীতের হিমেল হাওয়া বইতেই গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য খেজুরের রস আহরণে ব্যস্ত হয়ে উঠেছেন গাছিরা। কেউ খেজুরগাছের ডালপালা পরিষ্কার করছেন, কেউ আবার রস সংগ্রহের জন্য গাছে বাঁধছেন মাটির হাঁড়ি। প্রকৃতিতে শীতের আগমনী বার্তার সাথে সাথে গাছিদের কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠছে গ্রামীণ জনপদ। সন্ধ্যায় হাঁড়ি বাঁধার পর রাতভর গাছ থেকে চুয়ে চুয়ে জমা হয় সুমিষ্ট রস। ভোরের আলো ফোটার আগেই গাছ থেকে হাঁড়ি নামিয়ে সংগ্রহ করা হয় সেই টাটকা রস। পরে রস জ্বাল দিয়ে তৈরি করা হয় সুস্বাদু খেজুরের গুড় ও পাটালি।
সরেজমিনে টাঙ্গাইলের যমুনা সেতু এলাকায় দেখা যায়, এ মৌসুমকে সামনে রেখে গাছিরা আগেভাগেই খেজুরগাছ প্রস্তুত করছেন। রহমত আলী নামে এক খেজুরগাছি রস সংগ্রহ করার জন্য কোমরে একটি খাচা বেধেছে তার মধ্যে দা ও দড়ি (রশি) নিয়ে গাছ পরিস্কার করছেন।
অনেকেই নিজের গাছের পাশাপাশি অন্যের গাছও এ মৌসুমের জন্য চুক্তি নিয়ে রস সংগ্রহের পরিকল্পনা করছেন। এ কাজে জড়িত পরিবারগুলোর কাছে শীতকাল বাড়তি আয়ের একটি গুরুত্বপূর্ণ মৌসুম। রস বিক্রির পাশাপাশি গুড় ও পাটালি তৈরি করেও জীবিকা নির্বাহ করেন অনেকে।
স্থানীয়ভাবে খেজুরের রস শুধু একটি মৌসুমি পানীয় নয়, এটি টাঙ্গাইলের ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শীতের সকালে গাছ থেকে নামানো টাটকা রস পান, আর সেই রস দিয়ে তৈরি খাঁটি গুড় ও পাটালি— সব মিলিয়ে এ অঞ্চলের মানুষের কাছে খেজুরের রসের স্বাদ ও গন্ধ প্রাচীন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
গাছিদের সঙ্গে কথা বলে জানা যায়, খেজুরের রস সংগ্রহের জন্য প্রথমে গাছের শুকনো ডালপালা ও অপ্রয়োজনীয় অংশ পরিষ্কার করা হয়। এরপর নির্দিষ্ট অংশ ছেটে রস নামানোর উপযোগী করা হয়। কয়েক দিন পর সেখানে নল ও মাটির হাঁড়ি বসানো হয়। সময়ের পরিবর্তনে খেজুরগাছের সংখ্যা কমে যাওয়া, গাছ কাটার দক্ষ শ্রমিকের সংকট এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ঐতিহ্যবাহী এ পেশায় নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নতুন প্রজন্মের অনেকেই এ পেশায় আগ্রহ হারিয়ে অন্য পেশায় জড়াচ্ছে। ফলে একদিকে যেমন কমছে খেজুরের বাগান, অন্যদিকে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে গ্রামবাংলার প্রাচীন রীতির রস সংগ্রহের ঐতিহ্য।
খেজুরগাছি রহমত আলী জানান, শীত মৌসুমে খেজুরের রস সংগ্রহ তাদের বংশপরম্পরার পেশা। এ সময় রস সংগ্রহ করে বিক্রির পাশাপাশি গুড় তৈরিরও প্রস্তুতি নিচ্ছেন তারা।
গাছিদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গাছে গাছে রসের প্রবাহ বাড়বে। তখন প্রতিদিন ভোরে গ্রামীণ হাটবাজারে মিলবে টাটকা খেজুরের রস। পাশাপাশি শুরু হবে খাঁটি গুড় ও পাটালি তৈরির কর্মযজ্ঞ। সংশ্লিষ্টদের মতে, খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে পরিকল্পিতভাবে খেজুরগাছ রোপণ, গাছিদের উৎসাহিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে রস সংগ্রহের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। এতে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে, অন্যদিকে পরবর্তী প্রজন্মের কাছেও বেঁচে থাকবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী খেজুরের রসের স্বাদ ও সংস্কৃতি। টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো, আশেক পারভেজ জানান, টাঙ্গাইলের ১২টি উপজেলায় কমবেশি খেজুরের গাছ রয়েছে। তবে বাসাইল ও সখিপুর উপজেলায় এর সংখ্যা বেশি। স্থানীয় কৃষকরা চাহিদা মত গাছি না পাওয়ায় খেজুর গাছের সঠিক পরিচর্যা করেন না। কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ একটি নতুন কর্মসূচি হাতে নিয়েছে। ফলে উত্তরবঙ্গ থেকে শীতের মৌসুমে গাছিরা টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে খেজুর গাছ চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে রস সংগ্রহ করে এবং সেই সংগৃহীত রস থেকে ছোট ছোট পাটালি করে খেজুরের হাজারি গুড় তৈরি করে। এতে কৃষকরাও লাভবান হচ্ছে পাশাপাশি স্থানীয় ভোক্তারা নির্ভেজাল প্রকৃত স্বাদের গুর পাচ্ছে।
