পাহাড়ে পর্যটন সংকটের অচলাবস্থা নিরসনে কাজ করছে সরকার
বললেন পার্বত্য মন্ত্রী
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খাগড়াছড়ি প্রতিনিধি

সশস্ত্র সংগঠনের অপতৎপরতায় দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে বান্দরবানে পর্যটক আসতে পারেনি। এতে পর্যটন খাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু চৌধুরী। গতকাল শনিবার দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, নতুন করে সাজেক ইস্যুতে অচলাবস্থা তৈরি হয়েছে। এসব সমস্যা নিরসনে বর্তমান সরকার কাজ করছে। পর্যটন অর্থনীতির পাশাপাশি কৃষি অর্থনীতির ওপর সরকার গুরুত্ব দিয়েছে।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে বিএনপি সরকারের কোনো বিরোধ নেই। তবে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কর্মকাণ্ডে জড়িতদের কেন আঞ্চলিক সংগঠনগুলো আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী ও পুলিশ সুপার মোরতোজ আলী খাঁনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
