মধ্যনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ২৫
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ উভয়পক্ষের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা ও আমজোড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ বাধে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জলুষা ও আমজোড়া গ্রামের মানুষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শনিবার সকালে দুই গ্রামের মাঝামাঝি অবস্থিত 'জনতা বাজার' এলাকায় আমজোড়া গ্রামের নুরে আলম ওরফে জিকুর একটি দোকান ঘর ভেঙে ফেলেন জলুষা গ্রামের নুরুজ্জামান। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়। সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী ধর্মপাশা ও কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে রেখে বাকিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করেন। এবিষয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) ফজলে রাব্বি রাজিব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
