মুন্সীগঞ্জে বিএনপি নেতা নিহতের ঘটনায় মামলা
আরও একজনের লাশ উদ্ধার
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সেলিম নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় ফ্রান্স বিএনপি নেতা ও মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল রহিম মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে ৬৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। ২৭ নভেম্বর রাতে নিহত সেলিমের বাবা আমিনুল ইসলাম মোল্লা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি করেন। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- মিজানুর রহমান, সবুজ মীর, আহাদুল বেপারী, ফয়সাল কাজী, মহেশপুর এলাকার জাহাঙ্গীর আলম, ইউসুফ, খলিল ফকির, ফয়সাল সরকার ও শওকত দেওয়ানসহ অনেকে।
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে চৈতারচর এলাকায় মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আলমগীর দালাল। গতকাল শনিবার সকালে তার লাশ নদীতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। এর মধ্য দিয়ে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় দুইজনে। এ ছাড়া সংঘর্ষে আহত হন শিশুসহ অন্তত পাঁচজন। আহত চার বছর বয়সী শিশু আব্দুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ককটেলের আঘাতে শিশুটির খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
