নবীনগরে বিএনপি নেতা রাজুর দাফন সম্পন্ন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজুর (৫৬) দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার বাদ যোহর নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং বাদ আছর কনিকাড়া খেলার মাঠে দ্বিতীয় জানাজার পরে কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। গত শুক্রবার দুপুরে ঢাকার মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল। তিনি কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
