৫৫ বছর ধরে স্বীকৃতির অপেক্ষায় ১৩৯ শহিদের পরিবার

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও আজও রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত নারায়ণগঞ্জের ঐতিহাসিক বক্তাবলী গণহত্যার ১৩৯ শহিদের পরিবার। একাত্তরে হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের শিকার হন এই অঞ্চলের মানুষ, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে 'বক্তাবলী গণহত্যা' হিসেবে পরিচিত। ডিসেম্বর মাস আসলে শুধু তাদের স্মরণে কিছু সভা সমাবেশ ছাড়া প্রকৃতভাবে তাদের অর্জন শুধু কিছু সান্ত্বনার বুলি।

১৯৭১ সালের ২৯ নভেম্বর বুড়িগঙ্গা-ধলেশ্বরী নদীবেষ্টিত চরাঞ্চল বর্তমান ফতুল্লা থানার বক্তাবলীতে এক গণহত্যা চলে। অঞ্চলটি ছিল মুক্তিযোদ্ধাদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি, এখানে চলত প্রশিক্ষণ এবং এখান থেকে বিভিন্ন স্থানে চালানো হতো অভিযান। গ্রামবাসীও স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও আতিথেয়তা প্রদান করতো। কিন্তু রাজাকারদের মাধ্যমে এই খবর পৌঁছে যায় হানাদার বাহিনীর কানে।

স্থানীয়রা জানান, সেই দিন ভোরে হানাদার বাহিনী বক্তাবলী পরগনাকে ঘিরে ফেলে। এই ঘটনা দেখে ফেলে গ্রামের দিকে আসা এক মুচি, সে এসে সবাইকে খবর দিয়ে দেয় যে হানাদার বাহিনী গ্রামকে ঘিরে ফেলেছে। মুক্তিযোদ্ধারাও প্রস্তুত হয়ে যায়, জীবন বাঁচাতে মুক্তিযোদ্ধারা গুলি করে মেরে ফেলে কয়েকজন হানাদার বাহিনী।

ক্ষুব্ধ হানাদাররা বক্তাবলী পরগনার ২২টি গ্রামের ঘরবাড়ি গানপাউডার ছিটিয়ে পুড়িয়ে দেয় এবং মসজিদে আশ্রয় নেওয়া নিরস্ত্র-নিরীহ ১৩৯ জন মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। অনেক লাশ ধলেশ্বরী ও বুড়িগঙ্গায় ভেসে যায়। স্থানীয়রা লক্ষীনগর ও লক্ষীনগর পূর্বপাড়ার দুটি স্থানে প্রায় ৯০ জনকে গণকবর দেয়।

বক্তাবলী গণহত্যার  ৫৫ বছর পরেও এই শহিদ পরিবারগুলোর প্রতি রাষ্ট্রীয় কোন স্বীকৃতি বা ভাতা বরাদ্দ করা হয়নি। শুধুমাত্র একটি নামফলক ও বধ্যভূমিকে ঘেরাও করা ইট পাথরের দেয়াল ছাড়া কিছুই পায়নি শহিদ পরিবার।

বক্তাবলি পরগনা শহিদ পরিবার সংগঠনের সভাপতি আলী হোসেন বলেন, স্বাধীনতা যুদ্ধের পর পর একবারই ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়েছিল। এছাড়া গত ৫৫ বছরে কোন ধরনের স্বীকৃতি, সরকারি সুযোগ-সুবিধা বা ভাতা এই পরিবারগুলো পাইনি। প্রতিবছর শুধু আশ্বাসেই স্মরণ করা হয় এই দিনটিকে।

গণহত্যায় শহিদ শামসুল আলম ও শহিদ শাহ আলমের ভাই নজরুল ইসলাম বলেন, এত মানুষ হত্যা করা হয়েছিল যে জানাজার জন্য মানুষ পাওয়া যায়নি, পাঁচজন মানুষ ৯০ জনের জানাজা দিয়েছে। কাফনের জন্য মহিলাদের কাপড় ব্যবহার করা হয়েছিল। কিন্তু এত আত্মত্যাগ করা শহিদ পরিবারগুলো এখনো বঞ্চিত। সবকিছু আটকে আছে শুধু আশ্বাসে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, বক্তাবলী গণহত্যা শুধু একটি ঘটনা নয়, এটি প্রমাণ করে মানুষ যখন ক্ষমতার উন্মাদনায় অন্ধ হয়, তখন জীবন কত সহজেই মূল্যহীন হয়ে যায়।

ন্যায়বিচারের অভাব ইতিহাসকে বারবার রক্তাক্ত করেছে। তিনি আরো জানান, আমরা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সরকারের উচ্চ মহলে বারবার দাবি জানিয়ে এসেছি। আশা করছি এবার আমাদের দাবির প্রতিফলন ঘটবে। এই বীরত্ব ও আত্মত্যাগের সঠিক সম্মান নিশ্চিত করতে শহিদ পরিবারগুলোর দীর্ঘদিনের বঞ্চনা দূর করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও শহিদ পরিবার।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধাদেরকেই স্বীকৃতি দেয়া হয়েছে।

বক্তাবলি গণহত্যায় ১৩৯ জন শহিদদের বিষয়ে স্বীকৃতির বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এখনো পর্যন্ত কোন স্বীকৃতি বক্তাবলি শহিদের দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই।