কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আলেম ওলামাদের আরও এগিয়ে আসতে হবে

বললেন গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

একটি মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আলেম-ওলামাদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন। গতকাল রোববার পিরোজপুরের নেছারাবাদে ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩৬তম ইছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ২০২৬ এর প্রথম দিনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। তিন দিনব্যাপী এ মাহফিল ও সম্মেলন আগামী ১ ডিসেম্বর পর্যন্ত চলবে। মাহফিল প্রাঙ্গণে প্রতিমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাদের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, আগামী দিনে একটি মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আলেম-ওলামাদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ ও সম্মান নিয়ে বসবাস করতে পারবেন। এর আগে মাহফিলস্থলে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর সাহেবের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে উপস্থিত মুসল্লিদের সঙ্গে জামাতে জোহরের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে প্রতিমন্ত্রী মাহফিলের সার্বিক আয়োজন ঘুরে দেখেন এবং আগত মুসল্লি, আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ছারছীনা দরবার শরীফের বর্তমান পীর মাওলানা শাহ আবু নছর নেছারউদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক সম্প্রীতি এবং দেশ ও জাতির কল্যাণে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা হয়।